স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, দেশবাসী সেই অপেক্ষায়: নাহিদ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, দেশবাসী এখন সেদিকেই তাকিয়ে আছে।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশবাসী কিন্তু তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, নিজের এলাকাতেই মাদক প্রতিরোধে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ সেই ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানো হচ্ছে। তাঁর দাবি, এ পরিস্থিতিতে ইশরাক হোসেনকে একধরনের বলির পাঁঠা বানানো হয়েছে।
ইশরাক হোসেনের পদত্যাগের কারণ নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, তিনি কেন পদত্যাগ করলেন, তাঁর অপরাধ কী ছিল, তা স্পষ্ট করা প্রয়োজন। তিনি কোনো নৈতিক অপরাধ করেছেন, নাকি ফৌজদারি অপরাধ করেছেন—সেটিও পরিষ্কার হওয়া উচিত।
তিনি বলেন, ইশরাক হোসেন যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে যাঁর দায়িত্ব নয়, তাঁকে অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে যেতে দেখা যাচ্ছে। পরে আবার তাঁকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেন তাঁকে সরানো হলো, সে বিষয়ে সরকার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে সেই সংস্কারের কথাই বলা হয়েছিল। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা প্রয়োজন ছিল।
তবে সরকার সেই উদ্যোগ বাস্তবায়ন না করে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, এর আগে একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে। এবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না।
নাহিদ ইসলামের অভিযোগ, সরকারের এ ধরনের পদক্ষেপে দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মূল দায় এড়িয়ে যাওয়া হচ্ছে।






















স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, দেশবাসী সেই অপেক্ষায়: নাহিদ