গর্বের সঙ্গে কাতারে হামলার কথা স্মরণ করলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্বের সঙ্গে বলেছেন, তিনি কাতারে হামলা করেছিলেন। সেখানে বোমা ফেলেছিলেন। এমনকি যুদ্ধের সময়ও তাদের ওপর হামলা চালিয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যম আই২৪নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। গত বছরের ৯ সেপ্টেম্বর ইসরায়েল কাতারে হামলা করেছিল। ওই সময় দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
হামলাটির এক বছর পূর্তির কয়েকদিন আগে শনিবার নেতানিয়াহুর সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, কাতার একটি ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র। গাজায় যুদ্ধের সময় দেশটি ইসরায়েলের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলতে পারেনি।
দোহা গত বছরের ওই হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এটিকে কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেন।
এরপর হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানিকে ফোন করে হামলার জন্য ক্ষমা চান।
এরপরও আই২৪নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হামলাটির কথা গর্বের সঙ্গে উল্লেখ করেন নেতানিয়াহু। একইসঙ্গে দাবি করেন, গাজায় কাতারের দেওয়া কয়েক কোটি ডলারের ‘মানবিক সহায়তা’ হস্তান্তরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সহযোগিতা করেছিল।
তবে নেতানিয়াহুর সমালোচকদের অভিযোগ, ওই অর্থ ব্যবহার করে হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার প্রস্তুতি নিয়েছিল। কাতার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। দেশটি বলেছে, হামাসকে অর্থায়নের দাবিগুলো ভিত্তিহীন। সহায়তার অর্থ হস্তান্তরের বিষয়টি দোহা কঠোর নজরদারিতে রাখে।




























গর্বের সঙ্গে কাতারে হামলার কথা স্মরণ করলেন নেতানিয়াহু