জিয়ানগরে জামায়াতের অর্থায়নে ইটসলিং রাস্তা নির্মাণ উদ্বোধন
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:- পিরোজপুরের জিয়ানগরে ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০ মিটার ইটসলিং রাস্তা নির্মাণ করা হয়েছে।
রাস্তাটি নির্মাণে সহযোগিতা করেছেন পত্তাশী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম থেকে সঞ্জয় হালদারের বাড়ি পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী রাস্তাটি জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়। জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী রাস্তাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি জামায়াতে ইসলামীর অর্থায়নে এবং ইউপি সদস্য রফিকুল ইসলামের সহযোগিতায় নির্মাণ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের জন্য দোয়া করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, “সবকিছুর জন্য উপজেলা ও ইউনিয়ন পরিষদের দিকে না তাকিয়ে সমাজের বিত্তবানদেরও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসা উচিত। এলাকার উন্নয়নে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আগামী মাসের মধ্যে এলাকার উন্নয়নের সব কাজ শুরু হবে।” ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি আমি এলাকার বিভিন্ন রাস্তা, পোল ও বাঁধ নির্মাণে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছি। এরই ধারাবাহিকতায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমার সমাজসেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”





















