ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (২০ জুলাই) ওই সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
আটকরা হলেন- শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলায়। বিজিবি সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করছিলেন। বাড়ি ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।’ রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, থানায় আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে। আগামিকাল তাদের জেলা কারাগারে পাঠানো হবে মর্মেও ওসি জানান।



























ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড