নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। সাম্প্রতিক এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও অস্ত্র উদ্ধার এবং ১৩ জনকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব জানায়, মঙ্গলবার নগরীর মাসদাইর এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে র্যাব-১১ এর গোয়েন্দা শাখার সদস্যদের ওপর হামলা চালায় স্থানীয় মাদক কারবারিরা। এ সময় তিনজন সদস্য আহত হন, তাদের মধ্যে দু’জন গুরুতর জখম হলেও বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এই ঘটনার পরপরই বিকেলে মাসদাইর ও আশপাশের এলাকায় ব্যাপক অভিযান শুরু করে র্যাব। পরে রাতে পশ্চিম দেওভোগের নূর মসজিদ সংলগ্ন দুটি ভবনে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, সাতটি চায়নিজ কুড়াল, দুটি রাম দা, চারটি চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ব্রিফিংয়ে অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক চক্র সক্রিয় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরেই নজরদারি ও অভিযান চালানো হচ্ছিল। মাসদাইর এলাকায় কিশোর গ্যাং ও সশস্ত্র মাদকচক্রের আধিপত্য তৈরি হয়েছিল, যা ভেঙে দিতে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, হামলার মুখেও গোয়েন্দা দল তাদের কার্যক্রম চালিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ মাদক স্পটগুলো শনাক্ত করতে সক্ষম হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এই অভিযান শুধু একটি এলাকার জন্য নয়, বরং পুরো নারায়ণগঞ্জে অপরাধ দমনে একটি বার্তা। যারা মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।



















