পূজার ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দরে ১২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দুর্গাপূজা, কালীপূজা-দীপাবলি ও ছটপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে কয়েক দফায় মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকালে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে আমরা চিঠি পেয়েছি।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গত ৬ অক্টোবরের চিঠিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে। সূচি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর ও ১৭ নভেম্বর থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।
তবে এ সময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফাতুল্লা ওয়ারেছ।






















স্কুল-কলেজে জরুরি নির্দেশনা