লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’। টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) না দেওয়ায় শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
গত বছর ডব্লিউসিএলের দ্বিতীয় আসরে ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল। ওই ঘটনার পর পাকিস্তানের প্রতিনিধিত্ব করে দলটিকে পরবর্তী আসরে খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। দলটির মালিক কামিল খান বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি পিসিবি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছরের বয়কটের জন্য ভারতীয় দলকে লিখিতভাবে ক্ষমা চাওয়া এবং পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের শর্ত দিয়েছিল পিসিবি। তবে ডব্লিউসিএল কর্তৃপক্ষ ওই শর্ত মেনে না নেওয়ায় পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে এনওসি দেয়নি বোর্ড। বিষয়টি অবশ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের ভিত্তিতে দেখা হচ্ছে।
সোমবার এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স জানিয়েছে, পিসিবির সিদ্ধান্তকে তারা সম্মান করে। তবে লিজেন্ডদের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে না পারায় হতাশ দলটি। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র প্রদানে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত বহাল রাখায় ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, দলটি চলমান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ অংশ নিতে পারবে না।’
গত আসরে ভারত চ্যাম্পিয়ন্সের বয়কটের কারণে পাকিস্তান সেমিফাইনালে ওয়াকওভার পেয়ে সরাসরি ফাইনালে উঠেছিল। শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক ও মিসবাহ-উল-হকের মতো সাবেক তারকাদের নিয়ে গড়া দলটি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হয়।
এবার শারজায় চলমান আসরে ১০ অক্টোবর ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। পাকিস্তানের সরে দাঁড়ানোর ফলে সেই ম্যাচও আর হচ্ছে না। এর আগে ‘টেকনিক্যাল কারণে’ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ স্থগিত হয়েছিল। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের খেলার কথা থাকলেও তার আগেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স।






















নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী