সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২
মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ:- সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট মাছিমপুর বাজার থেকে লাউড়েরগড় বাজারগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে—একটি সিএনজিযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে লাউড়েরগড় বাজারের দিকে যাচ্ছেন। পরে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ওই সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সবুজ রঙের সিএনজি থামানোর সংকেত দিলে ভেতরে থাকা দুই ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন।

পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। পরে তাদের সঙ্গে থাকা সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. এনাম মিয়া (২২) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার রিয়া আক্তার (২১)।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। পরে তাদের ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।






















সড়ক দুর্ঘটনায় ৫ স্থানে প্রাণ গেল ৯ জনের, আহত ১৮