রাণীশংকৈলে নদীতে পড়ে প্রাণ হারালো দু’শিশু
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে ডুবে দু’ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার ওই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিশুরা হলো,জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে এহসান (৪)। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও পারিাবরিক সূত্রে জানা যায় ঘটনার দিন, দুপুরে শিশু দুটি পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে তীরনই নদীর পাড়ে চলে যায়।
একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদী থেকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ততক্ষণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাণীশংকৈল ওসি আরও জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে।





















