ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে মাদকসহ বিভিন্ন চোরাইমাল জব্দ।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে মাদকসহ বিভিন্ন চোরাই মোবাইল যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বিজিবি হরিপুরের মশালগাঁও বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।
উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব চোরাচালানি কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।
এ বিষয়ে দিনাজপুর বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”























শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার