প্রীতম-শেহতাজের দাম্পত্যে ইতি, কারণ জানালেন দুজনই
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই দম্পতি।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।
প্রীতম তার পোস্টে লেখেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময় থাকবে।
বিচ্ছেদের কারণ সম্পর্কে প্রীতম জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
এ সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি বলেও জানান তিনি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে উল্লেখ করেন প্রীতম।
শেহতাজও তার ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য তারা কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই তাদের জন্য ভালো বলে উপলব্ধি করেছেন।
শেহতাজ জানান, অনেক ভেবেচিন্তে এবং পরিবারের সমর্থন নিয়ে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন।
জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন শেহতাজ। একই সঙ্গে নতুন অধ্যায় সামলে সামনে এগিয়ে যেতে সবার বোঝাপড়া ও সমর্থন চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় প্রীতম ও শেহতাজের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানের মনোরম পরিবেশে বিয়ে করেন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদ।


























পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী