সংবাদ প্রকাশের জেরে আর কত সাংবাদিক হবে হামলার শিকার?
ইসমাইল আশরাফ
লালমনিরহাট।।
লালমনিরহাট সদর উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ও DRB নিউজ-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন রাসেল (৩০)।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাপটিবাড়ী বাজারে পূর্বে প্রকাশিত একটি সংবাদের বিষয় নিয়ে কথা বলার জন্য তাকে ডেকে নেওয়া হয়। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গোপনে ক্যামেরা চালু রেখেই সেখানে যান। একপর্যায়ে কথোপকথনের মাঝেই কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান।
ভুক্তভোগীর দাবি, হামলায় হারাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাতাংটারী গ্রামের মো. রফিক মিয়া, কল্লোল আহমেদ, মো. আবু তালেবসহ আরও কয়েকজন অংশ নেন। তারা তাকে মারধর করে একটি দোকানের ভেতরে আটকে রেখে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
পরে মোবাইল ফোনে লালমনিরহাট সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় তার বাম চোখের পাশে গুরুতর আঘাত লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সাংবাদিক রুহুল আমিন রাসেল বলেন, কয়েকদিন আগে নারী-সংক্রান্ত একটি ঘটনার সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। তার দাবি, সেই সংবাদের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে আহত সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





















