বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনির খানের জন্মদিন আজ
ই এম আকাশ : বিনোদন বিভাগীয় সম্পাদক
১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তার জন্ম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ‘অঞ্জনা’ গানটির মাধ্যমে তিনি যে পরিচিতি পেয়েছেন, তা আজও তার পরিচয়ের অন্যতম অনুষঙ্গ।
প্রায় তিন দশকের সংগীতজীবনে মনির খান প্রকাশ করেছেন ৪৩টি একক অ্যালবাম। এ ছাড়া তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি। বাংলা চলচ্চিত্রেও তার অবদান উল্লেখযোগ্য। চার শতাধিক সিনেমায় কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। পাশাপাশি কয়েক শতাধিক একক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন, যা দেশ-বিদেশের বাংলা গানের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মনির খান তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া দেশে ও দেশের বাইরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

















