গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা
গাজীপুর প্রতিনিধি: সামাদ খন্দকার।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের আঘাতে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিল গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাতে গাজীপুর সদরের জয়দেবপুর থানার নয়নপুর (রাজেন্দ্রপুর সেনানিবাস) এলাকার মোড়ল মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক কর্মসূচি শেষ করে পারিবারিক কাজে রৌদ্রপুর গ্রামে যাচ্ছিলেন এমদাদ হোসেন। পথিমধ্যে নয়নপুর মোড়ল মার্কেট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে নয়নপুর এলাকার লিটন মিয়া (৪৮), আলম সরকার ওরফে বাউল আলম (৪৭), সোহেল ওরফে জ্যাক সোহেল (৩৮) ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুঠার দিয়ে এমদাদ হোসেনের মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহত এমদাদ হোসেন ও অলিলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে যুবদল নেতা এমদাদ হোসেনের ওপর এই ন্যক্কারজনক ও নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





















