চাঁদপুর মতলব উত্তরে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।
লুৎফুর রহমান রিপন:– চাঁদপুরে মতলব উত্তরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। এ নিয়ে চলতি মাসে উপজেলাটিতে দুটি বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নিন্দা জানিয়ে ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আইনজীবী মফিজুল ইসলামও ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত ১১ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।























আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ