ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মুহাম্মদ আলমগীর (৪৬) এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবিতে কর্মরত ছিলেন।
শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীরের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামে। তিনি মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে। তার পাঁচ ছেলে সন্তান রয়েছে।
এসআরবি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রাম-ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ফতেহপুর স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট বসায়।
চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় একটি ট্রাক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে এগিয়ে আসে। ট্রাকটি চেকপোস্টে থাকা একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিউটিরত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে আলমগীর গুরুতর আহত হন। ট্রাকচালক সজীবও আহত হন। সহকর্মীরা আলমগীরকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা ও আলমগীরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
আহত ট্রাকচালক সজীবকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এসআরবির ওই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ট্রাকচালক সজীব এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ নেবে।






















আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি