আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
গোলাম আহমেদ সবুজ , ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪, সিপিসি-২। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। গ্রেপ্তাররা হলেন—মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)। এসআরবি-৪ সূত্র জানায়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল, স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২-এর একটি আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসআরবি-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করার কথা জানিয়েছে। পরবর্তী সময়ে তারা আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব গাঁজা সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, একসঙ্গে ১৩৭ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকের উৎস, অর্থের জোগানদাতা, পরিবহনব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কোনো সংঘবদ্ধ মাদকচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

























আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২