রাণীশংকৈলের নারী সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মিথিলা সানজিদা সিমি। তিনি ” মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স”এর স্বত্বাধিকারী।
সম্প্রতি(গত ৪ নভেম্বর) কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিথিলাকে এ নিয়োগ দেয়া হয়। লেহেম্বা ইউনিয়নে নূতন সার ডিলার নিয়োগের খবরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সার সংগ্রহের ভোগান্তি কমে যাওয়ার পাশাপাশি এখন হাতের কাছেই প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষকরা। এতদিন এ ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহ করতে যেতে হতো দুরবর্তী উমরাডাঙ্গী বাজার, গোগর বাজার ও রাণীশংকৈল পৌর শহরে।
এতে যাতায়াতে সময় ও অর্থ ব্যয় হতো বেশি।অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় সার পাওয়া যেত না। বিশেষ করে বোরো ও আমন মৌসুমে সার সংগ্রহ করতে গিয়ে তাদেরকে বাড়তি ভোগান্তিতে পড়তে হতো। নতুন ডিলার নিয়োগের ফলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষক সুজন, ফারুক, হাবিব, রিপা আখতার,লেমন বলেন, ” আমরা এখন নিজ এলাকা থেকেই সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবো। এখন আমাদের সময় ও যাতায়াতের টাকা অনেক কম লাগবে।” জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নির্ধারিত নিয়ম অনুযায়ী, সার ডিলারশিপ পরিচালনার জন্য কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন থাকা আবশ্যক।
এ হিসেবে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’ ৫০ মেট্রিক টনেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন একটি গোডাউন প্রস্তুত করেছে। মেসার্স চেয়ারম্যান ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়, এলাকার কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া, বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কৃষকের দোরগোড়ায় প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দেয়ার সরকারী এ উদ্যোগকে এলাকাবাসী কৃষি উন্নয়নে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।


























রাণীশংকৈলের নারী সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি।