তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ‘সচেতনতাই ডায়াবেটিস প্রতিরোধের মূল চাবিকাঠি’
হালিম সৈকত, তিতাস (কুমিল্লা): কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় তিতাস ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে দিনব্যাপী বিনামূল্যে সাধারণ মানুষের ডায়াবেটিস রোগ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বন্দরামপুর আদর্শ একাডেমির শিক্ষার্থী জান্নাত। তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন মামুনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের, তদন্ত ওসি মফিজুল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাক্তার বিল্লাল হোসেন ও ডা. অর্জুন চন্দ্র দাশ, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, বিশিষ্ট সমাজসেবক জুয়েল শিকদার, রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান, মিজানুর রহমান ভুলু সিকদার এবং শাহ আলম মেম্বার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস হলো অন্যান্য অনেক জটিল রোগের মূল কারণ। একবার এ রোগ শরীরে বাসা বাঁধলে তা চিরতরে নিরাময় করা কঠিন, তাই এর থেকে সুরক্ষায় সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করানোর ওপর তারা বিশেষ জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের তিতাস ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদানের আশ্বাস দিয়ে বলেন, “আমি মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের সাথে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি হোমনা তিতাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতালের আঙিনায় এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

























তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ‘সচেতনতাই ডায়াবেটিস প্রতিরোধের মূল চাবিকাঠি’