আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
ঢাকা জেলা প্রতিনিধি:- গোলাম আহমেদ সবুজ ঢাকার আশুলিয়ায় চেকপোস্ট অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো নীল রঙের পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসা হচ্ছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে কবিরপুর রেডিও কলোনী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় পিকআপসহ জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা ৫২ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা নীল রঙের নম্বরবিহীন ফোটন (FOTON) পিকআপটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
























আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী